ধ্রুব মুখোপাধ্যায়
পিট্টু
আমার সেই কতকালের শখ,
তোর সাথে পিট্টু খেলব।
পঙ্গু হাতে হাওয়াই চপ্পল পরে আজও,
আজও আমি ঘুরে বেড়াই স্বর্গ-মর্ত-পাতাল,
যদি কখনো তুই বল ছুঁড়ে মারিস।
একটা একটা করে সাজানো আমার পিট্টুর গুটিতে
ধুলো পরে যায়। বেহায়া বাতাস টর্চার করে।
আমি আমার ভাঙ্গা পাল নিয়ে অবিরত পাহারা দিই।
যদি কখনও তুই বল ছুড়ে মারিস।
কিন্তু এ জন্মে আর
হল না।
আগামী জন্মে তোকে বন্ধু বানাবো বলে,
আমি পিট্টুর গুটি সাজিয়ে রাখলাম।
এক একটা বছর, এক একটা গুটি –
একটার উপর একটা করে আমার পরজন্মের সাধ।
কিন্তু বড্ড দেরি হয়ে গেল দেখতে। ঠিক পাশেই।
আগের জন্মে সাজিয়েছিলি বোধ হয়।
চকচকে, বৃষ্টি ভেজা তোর ব্যর্থতার স্তুপ।
কিন্তু আমার হাতে তো এখন শুধুই হাওয়াই চপ্পল; বল নেই।

Post a Comment